জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু’র ‘ঈগল’ প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নির্বাচনী প্রচার কেন্দ্রের চেয়ার, টেবিল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিপুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে ঢুকে রেজাউল করিম রেজনুর সমর্থকদের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা নির্বাচনী প্রচার কেন্দ্রের চেয়ার-টেবিল ভাঙচুর ও কিছু চেয়ার নিয়ে যায়।
নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচন সমন্বয়কারী ইকরামুল হক নবিন। তার অভিযোগ, মাঠের অবস্থা ভালো না থাকায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া তারা নির্বাচনী কেন্দ্রে থাকা কর্মী-সমর্থকদের তাদের কর্মী-সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
জামালপুর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর খবর পেয়ে ঘটনাস্থলে যান। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ বিপুল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।





