জামালপুরে লাইসেন্স না থাকায় ৪টি অবৈধ ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযানে এসব ক্লিনিক সিলগালা করা হয়।
সিলগালা করা ক্লিনিকগুলো হলো—জামালপুর শহরের শেখেরভিটা এলাকার মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল, পিওর ল্যাব হসপিটাল, বাইপাস এলাকার ডক্টর জেনারেল হাসপাতাল এবং জিয়া কলেজ এলাকার শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে সটকে পড়েন অবৈধ ক্লিনিক পরিচালনাকারীরা। পরে লাইসেন্স না থাকায় এসব ক্লিনিক সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
জামালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আগামী দিনে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আক্তারুজ্জামান, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফ আহমেদ প্রমুখ।





