Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

admin • 04 Jul 2024, 08:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

পাহাড়ি ঢল ও ঢানা ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী অঞ্চলের মানুষেরা পানিবন্দী হয়ে পড়েছে । ঘর-বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধা ছয়টায় যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যমুনার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় সড়ক ভেঙে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুর কার্যালয়ের পানি পরিমাপক আবদুল মান্নান। তিনি বলেন, যমুনার পানি দ্রুতগতিতে বাড়ছে। যেভাবে পানি বাড়ছে, এতে নতুন নতুন আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। আগামী ৪৮ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় ও ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,' ইসলামপুর উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ১২ টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও মেলান্দহ উপজেলায় দুই টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি ঢুকেছে। তবে এখন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়নি। পানি আর একটু বৃদ্ধি পেলে সেগুলো বন্ধ করা হবে।

ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল থেকে যমুনার পানি বাড়তে শুরু করে। রাত থেকে বিভিন্ন খাল, বিল ও যমুনার ছোট ছোট শাখা প্লাবিত হয়। এ সময় পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। পানি বাড়ায় ইসলামপুর উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়ন; দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, বাহাদুরাবাদ ও চিকাজানী ও মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ক, মাহমুদপুর, নাংলা ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চল এবং দুর্গম চরাঞ্চল প্লাবিত হচ্ছে। বিভিন্ন গ্রামের ফসলি মাঠ তলিয়ে গেছে। পানি গ্রামের কিছু বাসিন্দার আঙিনায় যেতে শুরু করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পানিবন্দী হয়ে পড়ার শঙ্কা করছেন তারা।

 

দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন,'উপজেলার ১৫ টি প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের মাঠে পানি ঢুকেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুক্র ও শনিবার যেহেতু বন্ধ তাই এখনো বন্ধ ঘোষণা করা হয়নি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের চারপাশে বন্যার পানি চলে এসেছে। ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন,'বন্যার পানি বিদ্যালয়ে ঢুকে পড়ায় ১২ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা অবু তারেক মো. রওনাক আখতার বলেন,'বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলায় ১২টি প্রাথমিক বিদ্যালয় বন্দ ঘোষণা করা হয়েছে। এবং মেলান্দহ উপজেলায় ২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সন্ধা ৬টায় দেওয়ানগঞ্জের যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো কয়েকদিন কিছুটা পানি বাড়ার শঙ্কা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।