জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২ এর বিশেষ অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর জেলা পুলিশ এ তথ্য জানায়।
এর আগে সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৩টা দিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, সোমবার রাত সাড়ে ৩টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর পূর্বপাড়ায় একদল মাদক ব্যবসায়ী ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে পুলিশ সাতজনকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৮৩ বোতল ভারতীয় মদ যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার ৫০০ টাকা, এবং ৩টি রামদা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব চেংটিমারী এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪২); কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া (বাবনের চর) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৮); দেওয়ানগঞ্জ কুমারের চর এলাকার মো. অসিম উদ্দিন শেখের ছেলে মো. মিষ্টার আলী (৪৫); পাথরের চর এলাকার মৃত রহম আলী মণ্ডলের ছেলে মো. শাহজাহান (৪৫); পূর্ব চেংটিমারীর মৃত শফি উদ্দিনের ছেলে আব্দুল আয়েল (৪২); কুমারের চর এলাকার মো. আনছার আলীর ছেলে মো. সবুজ মিয়া (৩০) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া (বাবনের চর) এলাকার মো. মুন্টু মিয়ার ছেলে মো. শাহীন (২৫)।
এছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার মৃত বাছেদের ছেলে আলম (৪২) এবং অজ্ঞাতনামা আরও তিনজন আসামি পলাতক রয়েছে।
এ বিষয়ে জামালপুর ডিবি-২ এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইন মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে এই চক্রটি চোরাচালানের মাধ্যমে ভারতীয় মদ দেশে এনে বাজারজাত করত। বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।





