জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ( ১৭ জানুয়ারি) দুপুরে ফুলকোঁচা ইউনিয়নের রেখিরপাড়া নিজ বাড়িতে এ উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কসহ গ্রামবাসীরা। পরে প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
এর পর সাংবাদিক আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব জামালপুর এর সভাপতি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, নয়া দিগন্তের সাংবাদিক খাদেমুল হক বাবুল, প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের ভাতিজা রফিকুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক আমানউল্লাহ কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তার বড় ছেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর।
এসময় বক্তারা সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মৃতি বিজড়িত কর্মময় জীবনী তুলে ধরেন।
উল্লেখ্য, সাংবাদিক আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারী জামালপুরের মেলান্দহ রেখিরপাড়ায় জন্মগ্রহণ করে ২০১৯ সালের ১৬ জানুয়ারী ডায়াবেটিক ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের স্বনামধন্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।





