জামালপুরের মেলান্দহে ইজিবাইকের নিচে চাপা পড়ে আয়াত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালঞ্চ বাজারের জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু আয়াত মালঞ্চ দক্ষিণপাড় এলাকার আমির হামজার ছেলে।
আয়াতের স্বজনেরা জানান, জামালপুর শহর থেকে মেলান্দহগামী একটি ইজিবাইক মালঞ্চ বাজারের পৌঁছালে সড়কে হঠাৎ করেই শিশুটি চলে আসে। এ সময় দ্রুতগামী ইজিবাইকটি ব্রেক করলে ইজিবাইকটি উল্টে শিশুটির উপরে পড়ে। পরে আহত শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,'আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা বা শিশুটির মরদেহ কিছুই পাইনি। তবে, আমরা ঘটনাস্থলেই রয়েছি। আমরা শুনেছি একটি অটোরিকশা নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।’





