জামালপুরের ইজিবাইক চালক লাইজু মিয়া হত্যা মামলার রায়ে চার আসামির মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সরিষাবাড়ী উপজেলার মো. মনি তাহেরি, মো. রুবেল মিয়া, মো. জাকির হোসেন ও সোহাগ। তাদের মধ্যে সোহাগ ও মো. জাকির হোসেন পলাতক রয়েছেন।
রোববার (৯ জুন) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মুহা: আনোয়ার ছাদাত এ রায় দেন।
হত্যাকাণ্ডের শিকার লাইজু সরিষাবাড়ী উপজেলার পুগলদিগা ইউনিয়নের বগারপাড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজিবাইক ছিনিয়ে নেয়ার পর আসামিরা চালক লাইজু মিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রুবেল মিয়া ও মনি তাহেরিকে গ্রেপ্তার করে।
পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে হত্যার দায় স্বীকার করেন। মামলায় ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।





