জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ চাঁন মিয়া (৪২) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক ওই আসামীকে আজ বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানা পুলিশ।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর এলাকা থেকে তাকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
আটক চান মিয়া উপজেলার মুন্নিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে।
এ প্রসঙ্গে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, ' ডাকাতির প্রস্তুতিকালে গতকাল মধ্যরাতে যমুনার দুর্গম মুন্নিয়াচর থেকে চাঁন মিয়া নামে এক ডাকাতকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। ডাকাতি প্রস্তুতি নেওয়ার অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে চাঁন মিয়াকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।





