Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহণ চালককে জরিমানা

admin • 05 Apr 2025, 08:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহণ চালককে জরিমানা

যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জামালপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার নান্দিনা বাজার, ব্রিজ (ফেরিঘাট) ও ভোকেশনাল মোড় এলাকায় অভিযানে পাঁচজন পরিবহণ চালককে জরিমানা করা হয়।

 

অভিযানে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলায় এ পাঁচজন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট চার হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। প্রসিকিউশনে সহায়তা করেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি দল ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে বাংলাদেশ পুলিশ।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন, ‘যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

 

তানভীর হায়দার জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহণ মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়। যাত্রীদেরও এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।