নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে ড্রেনে পাইপ বসানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার পাঁচপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। এ সময় তাদের ছোট ভাই রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, ওষুধ ব্যবসায়ী আসলাম সানি ও পোল্ট্রি ব্যবসায়ী রনি আহমেদ। তারা দুজন আপন ভাই।
পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সানি ও তার চাচাতো ভাই মহি উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো।
রোববার দুপুরে চলাচলের রাস্তায় ড্রেনে পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মহিউদ্দিন ও তার ছেলেরা তাদের ওপর হামলা করে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ড্রেনের পাইপ বসানোকে কেন্দ্র করেই দু’পক্ষের সংঘর্ষে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে চাচাতো ভাইয়েরা। এ ঘটনা পর জড়িতরা পালিয়ে যায়। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।





