Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছেলের বউকে চাকরি দিয়ে বিপাকে প্রধান শিক্ষক

admin • 09 Feb 2023, 10:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছেলের বউকে চাকরি দিয়ে বিপাকে প্রধান শিক্ষক

ছেলের বউকে চাকরি দিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন রাজশাহী নগরীর গুলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এ ঘটনায় তিনি চরম বিপাকে পড়েছেন। স্বজনপ্রীতির অভিযোগ এনে তাকে স্কুলে যেতে মানা করেছেন স্থানীয় জনতা। বিষয়টি নিয়ে এমপির কাছে অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষক নিজ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে তার ছেলে তামিম হোসেনের বউকে সম্প্রতি চাকরি দিয়েছেন। এর আগে তার বিরুদ্ধে ভাতিজার জামাই, নিজ শ্যালিকা, ভাতিজাসহ কয়েকজন আত্মীয়-স্বজনকে চাকরি দেওয়ারও অভিযোগ রয়েছে।

সর্বশেষ চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আপন ছেলে বউকে চাকরি দেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

বিষয়টি প্রকাশ পাওয়ার পর নগরীর গুড়িপাড়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী ওই স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে ঘিরে ধরেন। এ সময় এলাকাবাসী আমজাদ হোসেনের ছেলেবউ কুসুম খাতুন মৌসুমিকে নিয়োগ দেয়া হলেও অন্য তিনটি পদে স্থানীয়দের কেন চাকরি দেয়া হয়নি এবং এলাকাবাসীর কাউকে কেন চাকরি দেয়া হয়নি এসব নিয়ে প্রতিবাদ জানান।

একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে স্থানীয় এমপি ফজলে হোসেন বাদশা আগামী ১৩ ফেব্রুয়ারি রাজশাহীতে আসা পর্যন্ত স্কুলে আসতে মানা করেন।

স্থানীয় সাইফুল জানান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রায় ২৫ বছর ধরে চাকরি করছেন এই স্কুলে। এর পর তিনি বিভিন্ন সময়ে তার আত্মীয়-স্বজনসহ বাইরের লোকজনকে চাকরি দিয়েছেন আমরা কিছু বলিনি। এবার চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবারো তার ছেলে বউকে চাকরি দিয়েছেন। চাকরির নামে তিনি ব্যাপক বাণিজ্য করেছেন। এর প্রতিবাদ করেছি আমরা। রাজশাহী সদর আসনের এমপি এলাকায় না আসা পর্যন্ত প্রধান শিক্ষকের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।

তিনি নিয়োগ বাণিজ্য করে এলাকায় বিপুল সম্পদের মালিক বনে গেছেন বলেও অভিযোগ উঠেছে।

তবে প্রধান শিক্ষক আমজাদ হোসেন তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, স্থানীয় লোকজনকে চাকরি না দেওয়ায় আমার উপরে তারা হামলার চেষ্টা করেছে। এছাড়া তারা নানাভাবে ভয়-ভীতি হুমকি প্রদান করছেন যা কাম্য নয়। এতে স্কুলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।