পিরোজপুরের ইন্দুরকানীতে আখ খাওয়ার লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক স্কুলছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শিশুটির বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
শিশুটির মা জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার মধ্যবালিপাড়া গ্রামের সাতঘর এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁর চার বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় শিশুটির চিৎকারে তিনি এসে তাঁর মেয়েকে উদ্ধার করলে অভিযুক্ত স্কুলছাত্র (১৪) পালিয়ে যায়। পরে শিশুটির বাবা স্কুলছাত্রের বাবা ও পরিবারের কাছে অভিযোগ দিয়েও বিচার পাননি।
শিশুটির বাবা বলেন, ‘স্কুলছাত্রের বাবার কাছে অভিযোগ দিলে তাঁরা বিষয়টি আমলে নেননি। তাই ন্যায় বিচারের জন্য থানায় মামলা দায়ের করেছি।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ‘শিশু নির্যাতনের বিষয়ে শিশুর বাবা লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। সোমবার গভীর রাতে একজনকে আসামি করে শিশুটির বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’





