Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁদা না পেয়ে কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ

admin • 24 Mar 2026, 10:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাঁদা না পেয়ে কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ

জামালপুরের ইসলামপুরে চাঁদা না পেয়ে এক পৌর কাউন্সিলরের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে পরিবারের সদস্যদের মারধর এবং এক নারীর শ্লীলতাহানির বিষয়ও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 
মঙ্গলবার (২৪ মার্চ) কাউন্সিলরের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. হাসমত, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. হাসান, ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী নূর ইসলাম, ছাত্রদল কর্মী সোয়াদ, সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রুকন এবং মো. নুরুজ্জামানের নামসহ অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।
লিখিত অভিযোগে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন থেকেই অভিযুক্তরা কাউন্সিলরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের কথামত চাঁদা না পেয়ে গত ২৩ মার্চ গভীর রাতে দেশীয় অস্ত্রধারী একদল ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং নাজমা বেগমের গলায় থাকা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় ভাতিজার স্ত্রী মনিরা বেগমকে শ্লীলতাহানির শিকার করা হয়। তার ননদ শরিফা বেগমও হামলায় আহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে অভিযুক্তরা দাবি করেছেন, কাউন্সিলরের সঙ্গে পেট্রোল বিক্রয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়েছিল এবং যে অভিযোগ দিয়েছে ভিত্তিহীন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, অভিযোগটি তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।