চাঁদপুরে ১৫ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন।
তিনি বলেন, চাঁদপুরে ২৪২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৫টির লাইসেন্স নেই। বাকি ২২৭টিতে ঠিকভাবে নিয়ম মেনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা হয়, চাঁদপুর শহরে দু’টি, হাজীগঞ্জ, কচুয়া ও মতলবে দু’টি করে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। জেলার হাইমচর উপজেলা ছাড়া বাকি সব কয়টি উপজেলায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে কয়েকটি হাসপাতালের লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
মো. সাহাদাৎ হোসেন বলেন, গত বছর অভিযান পরিচালনা করে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এখনও ১৫টির লাইসেন্স নেই। ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধের নির্দেশনা দেওয়া রয়েছে বলে জানান তিনি। তারপরও কোনোটার কার্যক্রম পরিচালিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





