চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে বাবা বশিরুল্লাহ পাটোয়ারীকে মারধর করায় ছেলে ফারুক হোসেন (৪০) কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই গ্রামের পাটোয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
তিনি বলেন, আজ সকালে বাগাদীতে বাবার ওপর আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটোয়ারীর ছেলে অপরাধী ফারুক দোষ স্বীকার করেন। যার ফলে আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কারাদণ্ডপ্রাপ্ত ফারুকরা তিন ভাই। তার বড় একজন এবং ছোট একজন। তিনি একসময় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। মাদকের সঙ্গে জড়িয়ে বিপদগামী হন ফারুক। যে কারণ তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।





