চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় মুরগী বহনকারী পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহত আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫) অটোরিকশা যাত্রী। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরো ৩ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা হয়।
নিহত আবুল কাশেম ও আব্দুর রব শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা। আহতরা হলেন- কচুয়া উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও আশেক আলী। চালকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ী মো. শিশির বলেন, ‘ইফতারের পর বৃষ্টি নামে। সে সময় কচুয়া অভিমুখী পিকআপ ভ্যানের সঙ্গে কালিয়াপাড়ার দিকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসে। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।’
শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাষ্টার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।’
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘নিহতদের সুরতহাল তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদুর রহমান জিহাদ বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’





