চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়া সড়কে ফেনসিডিল সহ সাজ্জাদ হোসেন (২৭) নামে রামগড় থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ (বুধবার) ফটিকছড়ি উপজেলার ভূঁজপুর থানার বাগানবাজার ইউপির চিকনছড়া বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ৭৪ বোতল ফেনসিডিল সহ সকালে আটক করে। পরে তাকে বাগানবাজার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।আটক কনস্টেবল সাজ্জাদ হোসেন নাটোর জেলার বড়ই গ্রাম থানার বনরৃপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবল কে ফেনসিডিল সহ আটক করেছে স্থানীয় জনতারা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করলে তিনি পুলিশকে খবর দেন।
এ বিষয়ে খাগড়াছড়ি, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সে গতরাত ডিউটির পর থেকে থানায় উপস্থিত নাই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি তিনি কিছু জানেন না বলে জানান।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজন কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই এর পর বিস্তারিত জানা যাবে। এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।





