চট্টগ্রাম নগরের বায়েজিদে শিশু ধর্ষণ মামলায় রিপন হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিখিল কুমার নাথ বলেন, শিশু ধর্ষণ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রিপন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ১২ বছরের এক শিশুকে মোবাইল নম্বর লিখে দেওয়ার কথা বলে নিজের বাসায় নিয়ে যান রিপন হাওলাদার। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ৯ সেপ্টেম্বর থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ২৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৯ সালের ৩০ মে রিপনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলাটিতে ছয়জনের সাক্ষ্যগ্রহণ হয়।





