গাজীপুরে দেড় কেজি হেরোইন ও বহনকারী ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) দুপুরে জিএমপির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফরহাদ হোসেন এবং মোহাম্মদ সাফাত হোসেন। তারা বালিয়াডাঙ্গা ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে খায়রুল আলম বলেন, গাজীপুরের সদর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটিকে তল্লাশি করে চালকের সিটের নীচ থেকে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
তিনি আরও বলেন, ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। চালকের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।





