কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো– রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলাকার খুদা বাক্সের ছেলে নুরাইল হোসেন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (৪)। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশে দুই চাচাতো ভাই- বোন খেলা করছিলো এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’





