কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাক ও বাইসাইকেলের সংঘর্ষে আব্দুস সালাম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা ভাঙ্গাপুল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামের হারা মালিথার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেলযোগে আব্দুস সালাম আল্লারদর্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সালামকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ট্রাকটি আটকের চেষ্টা করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর দ্রুত ট্রাকটি পালিয়ে গেছে। তবে সিসি ক্যামেরা দেখে ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।





