কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলে লাকসাম উপজেলায় অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
অপরদিকে মনোহরগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন মো. আবদুল মান্নান চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তারা উভয়ই কুমিল্লা-১০ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের অনুসারী।
এদিকে মেঘনা উপজেলায় বিজয়ী হয়েছেন মো. তাজুল ইসলাম তাজ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, সকালে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটের পরিবেশ নিয়ে নানা শঙ্কা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতার কারণে কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিন উপজেলায় গড়ে ৩৭ শতাংশ ভোট পড়েছে।





