Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ দুই ভাই, উত্তেজনা

admin • 12 Jan 2024, 08:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ দুই ভাই, উত্তেজনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে দ্বাদশ সংসদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় দুই জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া মোড়ে এঘটনা ঘটে। আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আহতরা হলেন - ওই এলাকার মৃত কেঁদো শেখের ছেলে মো. জিয়ার হোসেন (৪৫) ও আলতাফ হোসেন (৫০)। তাঁরা বর্তমানে ২৫০ শষ্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা পেশায় জেলে এবং সম্পর্কে দুই ভাই।

 

তবে গুলাগুলির বিষয় অস্বীকার করে পুলিশ বলছে, নির্বাচনী নয়, সামাজিক দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

আর গুলির বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শষ্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) তাপস কুমার সরকার। তিনি জানান, ছররা গুলিবিদ্ধ হয়ে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বের কালোয়া গ্রামের সাবেক মেম্বর আব্দুল খালেকের সাথে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক দ্বন্দ্ব চলে আসছে।

 

পদ্মানদীতে মাছ ধরা, যেকোন নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায় দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বের কালোয়ারা মোড়ে দু'পক্ষ আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে গুলাগুলির ঘটনা অস্বীকার করেছে পুলিশ।

 

এবিষয়ে আহতদের ছোট ভাই ইয়ারুল আলী অভিযোগ করে জানান, সাবেক মেম্বর খালেক ও তাঁর দুই ছেলে রিপন এবং লিটনের সন্ত্রাসী বাহিনী আছে। তাঁরা নিয়মিত জেলেদের কাছে চাঁদা দাবি করে। এসব নিয়ে ১০ থেকে ১৫ বছর ধরে ওই গ্রুপের সাথে তাঁদের বিরোধ চলছে। বিরোধের জেরে বিভিন্ন অজুহাতে প্রায় প্রতিপক্ষ তাঁদের উপর হামলা চালায়। আজ সকালেও তাঁর দুই ভাইকে গুলি করে আহত করেছে।

 

তাঁর ভাষ্য, নৌকায় ভোট দেওয়ার কারনেই আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা করেছে প্রতিপক্ষরা। অতীতের ঘটনায় কয়েকটি মামলা চলমান রয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে খালেক মেম্বরের ছেলে রিপন আলী ফোনে জানান, প্রতিপক্ষের লোকজন তাঁদের উপর হামলা করেছিল। সেজন্য তাঁরাও প্রতিপক্ষকে পাল্টা ধাওয়া দিয়েছিলেন। সেসময় কয়েকজনকে মারধর করা হয়েছে। তবে গুলাগুলির কোনো ঘটনা ঘটেনি।

 

নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী জানান, সকালে গুলাগুলির শব্দ শুনেছেন তাঁরা। অতীতেও কয়েকবার সেখানে গুলাগুলির ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

তবে গুলাগুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও সামাজিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।