Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা

admin • 01 Aug 2023, 09:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা

উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠোপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও বাংলা একাডেমীর সমন্বয়ে উপজেলা প্রশাসন কুমারখালী, কুষ্টিয়ার ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্যমেলা ও বইমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে ২৭ ও ২৮ জুলাই, বৃহস্পতিবার ও শুক্রবার এ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মোঃ এহেতেশাম রেজা।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান খান, বিশিষ্ট কবি সৈয়দ আব্দুস সাদিক, জেলা কালচারাল অফিসার মোঃ সুজন রহমান প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও লেখক এ্যাডভোকেট লালিম হক। প্রাবন্ধিক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, লেখক কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ছড়াকার সোহেল আমিন বাবু, আলোচক ছিলেন কবি ও লেখক আলম আরা জুঁই, বিশিষ্ট নাট্যকার ও প্রাবন্ধিক লিটন আব্বাস, শিলাইদহ রবিন্দ্র সংসদ পরিচারক এসএম আফজাল হোসেন, কবি বাবলু জোয়ারদার প্রমুখ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় নবীন প্রবীণ কবি, লেখকবৃন্দ কবিতা পাঠ, সাহিত্যপাঠ ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন। বইমেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ২২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে স্টলে স্টলে তাঁদের বই প্রদর্শন করে মেলেকে সমৃদ্ধ করেন। বইমেলায় অংশগ্রহণকারী অন্যতম প্রতিষ্ঠান সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এম এ মনিম তুহিন বলেন উপজেলা সাহিত্যমেলা ২০২৩ এ অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে এবং গর্বিত বোধ করছি।

এ মেলা আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি। মেলায় সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের জন্য স্টল বরাদ্দ রাখায় মানবিক ইউএনও জনাব বিতান কুমার মণ্ডল স্যারকে কৃতজ্ঞতা ও অকুণ্ঠ ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে প্রত্যহ সন্ধ্যায় কুমারখালী শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মেহেদী হাসান টিটো। সার্বিক ব্যবস্থাপনা সহযোগিতায় ছিলেন নাট্যকার লিটন আব্বাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।