কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ ও অপারেশন থিয়েটার ( ওটি) কমপ্লেক্সের প্রবেশপথে নিয়মিত যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন ও হাসপাতালে আগতরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন জনবল সংকট থাকায় এমন পরিবেশ সৃষ্টি হচ্ছে। খুব দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, বহিঃবিভাগ ও ওটির একমাত্র প্রবেশপথে আট থেকে দশটি মোটরসাইকেল ও বাইসাইকেল এবং একটি ভ্যানগাড়ি পার্কিং করা রয়েছে। এছাড়াও রাখা হয়েছে নির্মাণ সামগ্রী পাথর। সুরু পথ দিয়ে চলাচল করছে হাসপাতালে আগত রোগী, স্বজন ও কর্তৃপক্ষ।
এসময় রোগী মরিয়ম বেগম বলেন, বহিঃবিভাগে গাইনী চিকিৎসকের কাছে এসেছিলাম। রাস্তার ওপরে গাড়ি ও পাথর রাখা হয়েছে। সকালে খুব ভিড় ছিল। ঠেলাঠেলি করে ভিতরে গিয়েছিলাম।
যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ভ্যানচালক করিম মন্ডল বলেন, ডায়রিয়া হওয়ায় নাতনিকে হাসপাতালে ভর্তি করেছিলাম। আজ রিলিজ নিয়ে বাড়ি যাচ্ছি। প্রবেশপথে যানবহন থাকায় চলাচলে মানুষের খুব ভোগান্তি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গাড়ি পার্কি করা একজন বলেন, জরুরি রোগী দেখতে এসেছিলাম। অনেকেই এখানে মোটরসাইকেল রেখেছে। তাই আমিও রেখেছিলাম। তাঁর ভাষ্য, হাসপাতালের প্রবেশপথে গাড়ি রাখা উচিৎ নয়।
হাসপাতাল সুত্রে জানা গেছে, বুধবার বহিঃবিভাগ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ৩৯৮ জন। এছাড়াও এদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৭ জন। হাসপাতালে অনুমোদিত পদ ২১৬ টি ও আউটসোর্সিং পদ রয়েছে ১৯ টা। তারমধ্যে অনুমোদিত পদ শূণ্য রয়েছে ৭১ টি এবং আউটসোর্সিং পদ শূণ্য রয়েছে ১৯ টি।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন জানান, এক বছর ধরে বেতন বন্ধ থাকায় আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তরা হাসপাতালে আসেনা। সেজন্য প্রবেশপথে জনবল না থাকায় অসচেতন ব্যক্তিরা গাড়ি পার্কিং করছে। খুব দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





