কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক মারা গেছেন। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
আজ সোমবার সকালের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। এ ছাড়া তিনি শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি।
স্থানীয় ও স্বজনেরা জানান, প্রভাত চন্দ্র বর্মণ ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তাঁর। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ধারণা করছি, এটি একটি আত্মহত্যা। তারপরেও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





