কুমিল্লায় কিশোরগ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে সাত তরুণকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক কর হয়। আটককৃতদের মধ্যে একজন দলনেতা রয়েছেন বলে দাবি করেছে র্যাব।
র্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আটককৃতদের কাছ থেকে চারটি কুড়াল, একটি চাপাতি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধান ও আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, আটককৃতরা সবাই কিশোরগ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো। এর মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল তারা। এ ছাড়া তারা ভয়ভীতির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ যানবাহনে ছিনতাই, চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে স্বীকার করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান।





