ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কুকুরের কামড়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার হাবিবপুর ও কবিরপুর গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার হাবিবপুর গ্রামের কয়েকজন ব্যক্তি একটি কুকুরকে তাড়া করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে আল্পনা নামের এক শিশুর ওপর আক্রমণ করে কুকুরটি। কয়েকটি কুকুর এক হয়ে হাবিবপুর ও কবিরপুর গ্রামের বিভিন্ন বয়সী আরও ১৩ জনকে কামড় দেয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম সুজায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, কুকুরে কামড়ানো অবস্থায় হাবিবপুর গ্রামের ১৩ জন এবং কবিরপুর গ্রামের একজন হাসপাতালে এসেছিল।
এদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুই শিশুর মধ্যে আল্পনাকে (৫) সদর হাসপাতাল ও ২৬ মাসের সাফওয়ানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।





