কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার বিকাল সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর আঞ্চলিক সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেন।
আহতরা হলেন- হোসেনপুর উপজেলার একে মোস্তাকিম আরেফীন, হাবিবুর রহমান, কুলসুম, পাকুন্দিয়া উপজেলার আলম মিয়া, নান্দাইল উপজেলার আসন মিয়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার শাহজাহান সিরাজ। এর মধ্যে মোস্তাকিম আরেফীন, আলম ও আসন মিয়া গুরুতর আহত হয়েছে। বাকিদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফারুক প্রধান বলেন, ‘বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬ জন এসেছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।'
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে ময়মনসিংহ জেলার নান্দাইল থেকে জলসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।





