Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কক্সবাজার এক্সপ্রেসের টিকিট পেয়ে উচ্ছ্বসিত যুবক

admin • 23 Nov 2023, 01:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কক্সবাজার এক্সপ্রেসের টিকিট পেয়ে উচ্ছ্বসিত যুবক

এ যেনো সোনার হরিণ হাতে এলো। দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের টিকিট হাতে পেয়েছেন তারা। এ অপেক্ষা এক দুইদিনের নয়, প্রায় ৯২ বছরের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার এক্সপ্রেসের টিকিট পেয়ে হাতছানি দেয়া স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটেছে ।

 

যে ট্রেনটি আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার স্টেশন ত্যাগ করার মাধ্যমে যাত্রা শুরু হবে ইতিহাসেরও। তাই ইতিহাসের অংশ হতে যাওয়া এই লোকগুলোর কাছে ট্রেনের টিকিট ছিলো যেনো সোনার হরিণের চেয়েও কম নয়। তাই বাড়তি উচ্ছ্বাস তাদের।

 

কক্সবাজার আইকনিক রেলস্টেশনে বৃহস্পতিবার সকাল ৮টায় টিকিট বিক্রির খবরে সকাল ৭টা থেকেই ভিড় জমায় স্টেশনে। তবে অধিকাংশই টিকিট সংগ্রহ করেছেন অনলাইনে। সার্ভার ত্রুটির কারণে স্টেশনে কিছুটা বিড়ম্বনা পোহাতে হলেও টিকিট হাতে পাওয়ার পর মুখের হাসিই বলে দেয় তাদের অনুভূতি।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবে আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে। এই ট্রেন চট্টগ্রামে বেলা ৩টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

 

কক্সবাজার এক্সপ্রেসে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। অর্থাৎ রাজধানী থেকে পর্যটন শহরে যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।

 

কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা। এই ট্রেনের আসন সংখ্যা ৭৮০টি।

 

অনলাইনে-অফলাইনে মানুষের সাড়া দেখে উচ্ছ্বসিত রেল কর্তৃপক্ষ। কক্সবাজার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান, আমরা কল্পনাও করিনি মানুষের এতটা সাড়া পাবো।

 

গত ১১ নভেম্বর বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ওই প্রকল্পের অধীন নির্মিত দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।