গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় প্রিন্স হাসান নামে পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১২ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ওই ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী প্রিন্স হাসান গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের শরীফ মহসিনের ছেলে। তার পরিবারসহ গোপালগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের মোহাম্মদপাড়া এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছর শামসুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রিন্স হাসান। রোববার দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার রেজাল্টে এক বিষয়ে অকৃতকার্য হলে অভিমানে প্রিন্স হাসান নিজ রুমে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে প্রিন্সকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহের ময়লাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।





