Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, প্লাস্টিকের চেয়ার মাথায় দিয়ে রক্ষা পেলেন নেতারা

admin • 14 Nov 2022, 06:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, প্লাস্টিকের চেয়ার মাথায় দিয়ে রক্ষা পেলেন নেতারা

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) উপজেলার বিএডিসি মাঠে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়।

সম্মেলন মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং জেলার সভাপতি-সম্পাদকসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিতর্কে জড়ান দুই পক্ষের সমর্থকরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। এমনকি মঞ্চে উপস্থিত নেতাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্লাস্টিকের চেয়ার মাথায় দিয়ে রক্ষা পান।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে সম্মেলন শুরু হলে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে একজনের মৃত্যু খবর সম্পর্কে পুলিশ বলছে, সংঘর্ষে নয়, স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।