চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ গরু জবাই করে সেই মাংস পাচারের সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই গরু ব্যবসায়ী। পরে ওই দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত। বৃহস্প্রতিবার (৯ মে) রাতে গোমস্তাপুরে উপজেলার রহনপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রাতে সন্তোষপুর শিশাটোলা এলাকার হাসান আলীর বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করা হয়। পরে সেই গরুর মাংস রাজশাহী নিয়ে যাওয়ার সময় রহনপুর বেলি ব্রিজের কাছে স্থানীয়রা তা আটক করে। পরে প্রশাসনকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে আবুল ও টুটুল নামের দুই গরু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন রহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, জবাইকৃত অসুস্থ ওই গরুর মাংস বিক্রির জন্য রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা তা জানতে পেরে রহনপুর বেইলি ব্রিজের কাছে তা আটক করে। পরে আমাদের খবর দিলে আমরা সেখানে উপস্থিত হয়ে ওই মাংস জব্দ করি এবং দুই গরু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাংস জনতার সামনে মাটির নীচে পুতে ফেলা হয়।’
এদিকে, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী জানান, জব্দকৃত অসুস্থ ওই গরুর মাংসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এর ফলাফল আসলে গরুটি কি রোগে আক্রান্ত ছিলো তা জানা যাবে। জরিমানার পাশাপাশি ওই দুই গরু ব্যবসায়ীকে সর্তকও করা হয়েছে।





