Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আর্জেন্টিনা ফাইনালে, সমর্থকদের বিরিয়ানি বিতরণ জামালপুরে

admin • 14 Dec 2022, 05:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনা ফাইনালে, সমর্থকদের বিরিয়ানি বিতরণ জামালপুরে

বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করায় জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ মিছিল এবং মিছিল শেষে বিরিয়ানি বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে এই আয়োজন করেন তারা।

আয়োজক কমিটি সূত্র জানায়, চলমান বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই স্থানীয় আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান, মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে ১ হাজার ৬০ ফিট পতাকা বানিয়ে র‍্যালি করে সরিষাবাড়ীতে টাঙিয়ে দেয়। এরপর থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানি এবং জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাতের আয়োজন করেন তারা।

মঙ্গলবার রাতে আর্জেন্টিনা জয় পেলে জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকরা বিরিয়ানি বিতরণ করেন। 

মঙ্গলবার রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। হাইভোল্টেজ এ ম্যাচে সরিষাবাড়ী পৌরসভার ধানাটা এলাকার মরহুম মমতাজ সরকারের রাইস মিলে এ ভোজের আয়োজন করা হয়।

এ সময় পাঁচ শতাধিক আর্জেন্টিনা সমর্থক আয়োজনে অংশ নেন। সেখানে আর্জেন্টিনার সমর্থকরা বড় স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি বিরিয়ানির আয়োজন করেন। খেলায় ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করলে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন তারা। শেষে তারা আনন্দ মিছিল করে পৌর এলাকার আরামনগর বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান জানান, অসাধারণ খেলা খেলেছে মেসিরা। ইতোপূর্বে ৫০০ জনকে মিল্লি ভাত খাওয়ানো হয়েছে। ক্রোয়েশিয়ার সঙ্গেও জয় পাওয়ায় ৫০০ জন সমর্থককে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ কাপ আর্জেন্টিনা নেবে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই ৫টি গরু জবাইয়ের যে প্রতিশ্রুতি ছিল সেটিও রাখা হবে বলে জানানেএই সমর্থক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।