Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

২৫ বুথে ৫ হাজার মাস্ক বিতরণে জাবি রেড ক্রিসেন্ট ইয়ুথ

Sohag Shah • 20 May 2026, 10:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
২৫ বুথে ৫ হাজার মাস্ক বিতরণে জাবি রেড ক্রিসেন্ট ইয়ুথ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর স্বেচ্ছাসেবী সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেড ক্রিসেন্ট ইয়ুথ (RCYJU) ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

বুধবার (২০ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম শুরু হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল, তিনটি প্রধান প্রবেশদ্বার এবং পরিবহন চত্বরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৫টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথের মাধ্যমে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ও সাধারণ পথচারীর মাঝে মাস্ক বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

আয়োজকরা জানান, ঈদ ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২৫ দিনের ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বুধবার ছিল চলতি সেমিস্টারের শেষ একাডেমিক ক্লাস, ফলে এদিন ক্যাম্পাসে যাত্রীচাপও ছিল বেশি। দীর্ঘ যাত্রাপথে ভাইরাস সংক্রমণ, ধুলাবালি ও যানবাহনের ধোঁয়া থেকে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, অধিকাংশ আবাসিক হলে ইতোমধ্যে মাস্ক সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতেও শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে যুব রেড ক্রিসেন্ট—জাবি শাখার যুব প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঈদ ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা বাড়িতে যাচ্ছেন। দীর্ঘ যাত্রায় ভাইরাস সংক্রমণ ও ধুলাবালি থেকে সবাই যেন সুরক্ষিত থাকতে পারেন, সে লক্ষ্যেই আমরা পাঁচ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছি। সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা।”

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মজুত থাকা সাপেক্ষে মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।