Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

সেতু থেকে প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই পালালেন প্রেমিকা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সেতু থেকে প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই পালালেন প্রেমিকা

রুপালি পর্দার সিনেমা কিংবা ভালোবাসার গল্পে বরাবরই একটি সংলাপ শোনা যায়, ‘মরলে দুজনে একসঙ্গেই মরব’। কিন্তু বাস্তব জীবন যে সিনেমার চিত্রনাট্য নয়, তা আরও একবার প্রমাণ করল ভারতের উত্তরপ্রদেশের এক ঘটনা। প্রেমিকের সঙ্গে আত্মাহুতির প্রতিশ্রুতি করে ব্রিজে এসেছিলেন প্রেমিকা। তবে প্রেমিক যমুনা নদীর উত্তাল স্রোতে ঝাঁপিয়ে পড়তেই সটকে পড়েন সেই প্রেমিকা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজ্যের প্রয়াগরাজের বিখ্যাত নিউ যমুনা ব্রিজে ঘটে যাওয়া এই ঘটনাটি আঞ্চলিকতা ছাড়িয়ে দেশটির মূলধারার গণমাধ্যমের শিরোনাম হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন এক তরুণ ও তরুণী বেশ কিছুটা সময় ধরে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। তাদের চোখে-মুখে ছিল এক ধরনের চাপা উত্তেজনা আর বিষাদ। সেখানে উপস্থিত লোকজনের ধারণা ছিল, হয়তো সাধারণ কোনো যুগল বিকেলে ব্রিজের ওপর বেড়াতে এসেছেন। কিন্তু কেউ ভাবতেও পারেননি, তাদের মনে মনে চলছিল আত্মহত্যার মতো ভয়ংকর পরিকল্পনা।

সবকিছু ঠিকঠাক করে যুবকটি যখন ব্রিজের রেলিং টপকে নিচে প্রমত্তা যমুনা নদীর বুকে ঝাঁপিয়ে পড়েন, ঠিক তখনই ঘটে সেই অবিশ্বাস্য মোড়। প্রেমিককে চোখের সামনে অতল পানিতে তলিয়ে যেতে দেখে মুহূর্তের মধ্যে মত বদলে ফেলেন প্রেমিকা। নিজের জীবন বাঁচাতে তিনি আর নদীতে ঝাঁপ দেননি। বরং প্রেমিক পানিতে পড়ার পরপরই চারপাশের লোকজনের ছোটাছুটি দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই তরুণী।

পথচারীরা খবর দেন স্থানীয় থানায়। ঘটনার ভয়াবহতা বুঝে প্রয়াগরাজ পুলিশ ও স্থানীয় পেশাদার ডুবুরি দল সময় নষ্ট না করে দ্রুত নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তাদের প্রচেষ্টায় সেই তরুণকে জীবিত ও নিরাপদে পানি থেকে টেনে তোলা সম্ভব হয়। প্রাণে বেঁচে যাওয়া ওই তরুণের নাম আনু গুপ্তা।

পুলিশ জানিয়েছে, নদী থেকে উদ্ধারের পর আনু গুপ্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা ও কাউন্সেলিং শেষে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরিবারের মানুষ। তবে পুরো ঘটনার আকস্মিকতায় এখনও স্তব্ধ অনু।

কিন্তু প্রেমের এমন ‘ঝাঁপ’ আর প্রেমিকার ‘পালিয়ে যাওয়া’র পেছনে আসল রহস্য কী?

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পেছনে গভীর কোনো পারিবারিক কলহ নাকি অন্য কোনো মানসিক টানাপড়েন ছিল, তা নির্ণয়ে ইতোমধ্যে একটি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সেই তরুণীকেও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মামলার সব দিক খতিয়ে দেখে তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।