ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে মঙ্গলবার (১০ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২২ দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে।
ফলে বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সর্বশেষ ২১ মেট্রিক টন ৮০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার তুলনায় ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার দেশের বাইরে ইলিশের রপ্তানি বন্ধ করেছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে থাকে।
এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। ২১ সেপ্টম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। তবে এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান মাত্র ৬৩১ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ রপ্তানি করতে পেরেছেন।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিসের রেজাউল খবরের কাগজ-কে জানান, সময় স্বল্পতায় নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি করা সম্ভব হয়নি। সরকার যদি সময় বাড়ায় তবে বাকি ইলিশ রপ্তানি করা যাবে।
বেনাপোল মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানায়, ইলিশ প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২২ দিন ভারতে রপ্তানি বন্ধ থাকবে। এতে করে এ বছর পর্যাপ্ত পরিমাণ ইলিশ রপ্তানি করা যাচ্ছে না ভারতে। গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। সে সময়ও সময় স্বল্পতার কারণে মাত্র ১৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল।





