Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশুশ্রমের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে জামালপুরে মানববন্ধন

admin • 15 Jun 2026, 11:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিশুশ্রমের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে জামালপুরে মানববন্ধন

'শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 
রোববার (১৪ জুন) বিকেলে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৩টায় জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দেউরপাড় চন্দ্রায় অবস্থিত উন্নয়ন সংঘের প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।  
মানববন্ধনে শিশু অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক বক্তব্য দেন বক্তারা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। তিনি বলেন, দেশে শিশু আইন, শিশু সুরক্ষা নীতিমালা, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শ্রম আইন থাকলেও কার্যকর বাস্তবায়নের অভাবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম উদ্বেগজনক হারে বাড়ছে।  
তিনি আরও বলেন, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার মতো অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ত করা হচ্ছে, যার ফলে তারা চর্মরোগ, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ ঝুঁকি কমানো সম্ভব।  
জাহাঙ্গীর সেলিম আরও বলেন, গৃহকর্ম ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিশুরা শারীরিক, মানসিক এবং কখনও কখনও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। সামান্য ভুলের কারণে তাদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।  
এ সময় আরও বক্তব্য দেন উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, জামালপুর এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ, দেউরপাড় নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এবং সদস্য মোহাম্মদ আলী।  

মানববন্ধনে নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচির একপর্যায়ে দুই শিশু প্রতীকীভাবে শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করে। এ সময় অংশগ্রহণকারীরা শিশুশ্রম বন্ধ এবং শিশুদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিতের দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।