এই দিনটি মনে করিয়ে দেয় প্রিয়োত্তম শিক্ষকদের কথা । মনে পড়ছে প্রাইমারি স্কুলের প্রথম স্নেহচ্ছায়া ইসমাইল স্যার, কোমল-কঠোর নুরুল স্যার, মমতা-জননী শান্তি আপা, হাইস্কুলের প্রাণোচ্ছল মজিবর স্যার, ধীরস্থির, সময়নিষ্ঠ শাহাবুদ্দিন স্যার, কলেজের সুভাষী, স্মিত-শুভ্রমুখী খালেদা আপা-বিশ্ববিদ্যালয়ের জ্ঞানতপস্বী জিল্লুর রহমান সিদ্দিকী স্যার, স্নেহশীল কবি মোহাম্মদ রফিক স্যার, সদা পড়াশুনামুখী,ভাষাতাত্ত্বিক মনিরুজ্জামান স্যারসহ অনেককে ।এই নামগুলি আমার জীবনের বহুবর্ণিল দীপাবলির নাম, যেসব দীপ আমার জীবনকে নানান রঙে আলোকিত করতে চেয়েছে, আমার চিন্তালোক ভ'রে দিতে চেয়েছে শিক্ষার স্বর্ণশস্যে । আমি আলোকিত, সমৃদ্ধ হতে পারিনি সেটা আমার অক্ষমতা, তবে তাঁদের আলো জ্বালানোর চেষ্টাকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি ।নিজের কাছে একটা জিজ্ঞাসা থেকে যায় - শিক্ষকতার 'চাকরি' হয়ে উঠলো দুই দশকেরও বেশি, কিন্তু আমি 'শিক্ষক' হয়ে উঠলাম কতটুকু ??লেখক:মনোয়ার হুসেন মুরাদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর।