আগামী রোববার কোনো হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে আসছিল বিএনপি ও এর সমমনা দলগুলো। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রোববার অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি।
হরতাল বা অবরোধ না করে দলটি 'সরকারি দমন-পীড়ন'র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে।
আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন।
বিএনপি সূত্র জানায়, গুম, মিথ্যা মামলা ও গ্রেপ্তারসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে ওইদিন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। সেখানে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের পরিবার উপস্থিত থাকবে।
অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরেও একই ধরনের মানববন্ধনের আয়োজন হবে বলে জানিয়েছে বিএনপি’র সূত্রটি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আগামীকাল সকাল ৬টায় শেষ হবে। দশম দফায় অবরোধের কর্মসূচি পালন করছে দলটি।





