Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোটরসাইকেলে বসছে না অগ্রিম আয়কর

admin • 06 Jun 2026, 11:08 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলে বসছে না অগ্রিম আয়কর

মোটরসাইকেল ব্যবহারকারীদের ওপর যে অগ্রিম আয়কর বসানোর কথা চলছিল, সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। নতুন অর্থবছরে কোনো বাইকের জন্যই আর অগ্রিম ট্যাক্স দেওয়া লাগবে না। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইঞ্জিনের সিসি অনুযায়ী বছরে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স নেওয়ার একটা খসড়া প্রস্তাব করেছিল। কিন্তু শেষমেশ বাইকারদের স্বস্তি দিয়ে সব ধরনের মোটরসাইকেলকে এই কর থেকে মুক্ত রাখা হচ্ছে।

 

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর বসানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হলে কয়েকশ বাইকার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। অগ্রিম আয়কর না বসানোর জন্য তারা এনবিআর চেয়ারম্যানকে স্মারকলিপি দেন।

মোটরসাইকেল চালকদের দাবি, মোটরসাইকেল বাংলাদেশে এখন আর বিলাসদ্রব্য নয়, বরং এটি সাধারণ মানুষের কর্মসংস্থান (রাইড শেয়ারিং ও ডেলিভারি) এবং দৈনন্দিন চলাচলের প্রধান বাহন। এমনিতেই দেশে মোটরসাইকেলের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি, তার ওপর এই বাড়তি কর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ সৃষ্টি করবে।

 

আয়কর বসানোর বিষয়ে এনবিআরের যুক্তি ছিল, মোটরসাইকেল এখন কেবল ব্যক্তিগত বাহন নয়, অনেক ক্ষেত্রে বাণিজ্যিক কাজেও ব্যবহৃত হচ্ছে। এছাড়া মোটরসাইকেল মালিকরা এই অগ্রিম কর পরবর্তী সময়ে তাদের বার্ষিক আয়কর রিটার্ন জমার সময় সমন্বয় করার সুযোগ পাবেন।

 

এনবিআরের প্রাথমিক প্রস্তাবনা ছিল-১১০ সিসি পর্যন্ত কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। ১১১-১২৫ সিসির জন্য বছরে দুই হাজার টাকা, ১২৬-১৬৫ সিসি পর্যন্ত বছরে পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি হলে বছরে ১০ হাজার টাকা দিতে হবে। কিন্তু বাইকারদের কর্মসূচির পরিপ্রেক্ষিতে অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর।

 

বাজেট প্রণয়নের যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের যে প্রস্তাব তৈরি করা হয়েছিল, তা থেকে আমরা সরে আসছি। কোনো ধরনের মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর বসছে না। সরকারের উচ্চ মহল থেকে মোটরসাইকেলের ওপর এ ধরনের কোনো কর না বসানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

বর্তমানে মোটরসাইকেল মালিকদের এককালীন নিবন্ধন ফি এবং প্রতি দুই বছর অন্তর রোড ট্যাক্স দিতে হয়, কিন্তু আলাদা কোনো অগ্রিম আয়কর দিতে হয় না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।