জামালপুরের মেলান্দহ থানার পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নতুন একটি হুটারযুক্ত ডিউটি গাড়ি সংযোজন করা হয়েছে।শুক্রবার (১২ জুন) থানায় গাড়িটি পৌঁছায়। জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের উদ্যোগে মেলান্দহ থানার জন্য এ গাড়ি বরাদ্দ দেওয়া হয়।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেলান্দহ থানার কার্যক্রম পরিচালনার জন্য মাত্র একটি গাড়ি ব্যবহৃত হয়ে আসছিল। ফলে টহল কার্যক্রম পরিচালনা, বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছানো এবং জরুরি পুলিশি সেবা নিশ্চিত করতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। নতুন গাড়ি সংযোজনের ফলে এসব কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রাও নতুন ডিউটি গাড়ি সংযোজনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, থানার যানবাহন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতিতে পুলিশ আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে থানায় একটি মাত্র গাড়ি ছিল। একটি গাড়ি দিয়ে পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, টহল কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন জরুরি সেবার কাজ সম্পন্ন করতে হতো। নতুন গাড়ি পাওয়ায় আমাদের কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে এবং জনগণকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, মেলান্দহ থানার জন্য নতুন ডিউটি গাড়ি বরাদ্দ দেওয়ায় আমরা জামালপুরের পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই উদ্যোগ থানার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।