Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
মেলান্দহে শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি
ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে জামালপুরের মেলান্দহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে মেলান্দহ থানা। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় আয়োজিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান। বক্তব্যে তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন গেমে আসক্তি, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, মাদকদ্রব্যের অপব্যবহার, নারী ও শিশু নির্যাতন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত বিভিন্ন ধরনের প্রতারণা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। তিনি বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা জরুরি। এ সময় শিক্ষার্থীদের আইন মেনে চলা, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া এবং যেকোনো ধরনের অপরাধ, হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন। আয়োজকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।