Tuesday, 29 September 2026
শিরোনাম
সারা দেশ

মুন্সীগঞ্জে অফিস কোয়ার্টার থেকে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে অফিস কোয়ার্টার থেকে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি সংগৃহিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অফিস কোয়ার্টার থেকে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত একরামুল হক টিএমএসএসের সিরাজদিখান শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

সিরাজদিখান ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ওই ভবনের একটি শয়নকক্ষে একজন ব্যক্তি আটকা পড়েছেন এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশের উপস্থিতিতে শয়নকক্ষের দরজা খুলে একরামুল হককে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে মরদেহটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজদিখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এখনো এসে পৌঁছায়নি। তারা এসে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।