রাজধানীর মুগদা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে মুগদার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, রাতে পিডিবি অফিসার্স কোয়ার্টারের ফটক-সংলগ্ন মূল সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ওই সময় বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।





