মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিসমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।





