মালয়েশিয়ার সাঁড়াশি অভিযানে ১০২ জন বাংলাদেশিসহ ২৪৫ জন অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর অদূরে শাহ আলম এর সেকশন ২২ স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এ সময় আটক এড়াতে কেউ কেই চেয়ারের নীচে ড্রামের ভিতর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি।
শনিবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, গত দুই মাসে স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫ ধারা এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী অভিযান চালিয়ে ২০ থেকে ৫০ বয়সী ২৪৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে বাংলাদেশি (১০২ জন), নেপালি (৬১), ভারতীয় ৫৮), পাকিস্তানি (২০), ইন্দোনেশিয়ান (৩) এবং শ্রীলঙ্কান (১) ।
অপারেশনের পর তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে তাদের অধিকাংশই ভিসার অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।
আটক ব্যক্তিদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর জিআইএম অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যদি জড়িত বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তাহলে আদালতে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছেন, ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।





