Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভৈরবে দফায় দফায় সংঘর্ষ, রেলস্টেশনে ভাঙচুর, বাস ও ট্রেন চলাচল বন্ধ

admin • 10 Jun 2026, 10:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভৈরবে দফায় দফায় সংঘর্ষ, রেলস্টেশনে ভাঙচুর, বাস ও ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উত্তেজিত সংঘর্ষকারীরা ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দখল করে স্টেশন মাস্টারের কক্ষসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। এ ঘটনায় ঢাকা-সিলেট-চট্রগ্রাম-ময়মনসিংহ রেলপথে ৫ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ রয়েছে। 

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত ভৈরব রেলস্টেশন ও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে, সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের অন্তত ৬টি ট্রেন পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে সংঘর্ষকারীদের ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপের কারণে আইনশৃঙ্খলাবাহিনীকে বেগ পেতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমলাপাড়া ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষকারীরা রেলস্টেশন রণক্ষেত্র পরিণত হয়। এ সময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।