কার্তিকের শুরুতে বৃষ্টিপাত কমে গেলেও আবহাওয়া শীতল হয়েছে। তবে আবারও দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর ২০২৩, ৭ কার্তিক ১৪৩০ বাংলা) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোসাগর এবং তার কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
এ অবস্থায় সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টিপাত ও ভারি বর্ষণের এ প্রবণতা পরবর্তী ৭ দিন অব্যাহত থাকতে পারে। এরমধ্যে মঙ্গলবার (২৪ অক্টোবর) সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এর পরদিন বুধবার (২৫ অক্টোবর) সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার দেশের সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার (২২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুন্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। নোয়াখালীর মাইজদীকোর্টে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





