Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

“বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে, ব্যবস্থা নেবে পুলিশ”— ধর্ষণ চেষ্টার ঘটনায় জাবি উপাচার্য

Sohag Shah • 16 May 2026, 03:55 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
“বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে, ব্যবস্থা নেবে পুলিশ”— ধর্ষণ চেষ্টার ঘটনায় জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবিতে দেওয়া শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৬ এপ্রিল) রাত প্রায় দেড়টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। বিশেষ করে বহিরাগতদের অবাধ প্রবেশ, পর্যাপ্ত নজরদারির অভাব এবং পূর্বের বিভিন্ন ঘটনার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে অপরাধ সংঘটিত হলে সেটি প্রক্টরিয়াল বডি দেখভাল করে। এটা বিশ্ববিদ্যালইয়ের ছাত্র শৃঙ্খলা বিধিতে রয়েছে। তবে বহিরাগত কেউ অপরাধ করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় এবং সেটি মূলত পুলিশের এখতিয়ারভুক্ত।

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেউ অপরাধ করলে প্রক্টর ব্যবস্থা নেয়। কিন্তু বহিরাগত কেউ দুষ্কৃতিকারী কর্মকাণ্ড করলে সেটি ফৌজদারি অপরাধ। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে এবং তদন্ত ও আইনি প্রক্রিয়ায় পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবে।”

উপাচার্যের এই বক্তব্যের পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক শিক্ষার্থী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “স্যার তাহলে তো বহিরাগতদের জন্য ক্যাম্পাস একটা অপরাধ সংঘটনের স্বর্গ। কারণ তারা জানে এখানে প্রশাসন কিছু করবে না, এটা ফৌজদারি অপরাধ বলে দায় এড়িয়ে যাবে।”

শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু ঘটনার পর মামলা করা নয়; বরং এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য আগেই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। তারা ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ, রাতের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত টহল এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ, মশাল মিছিল এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।